জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। মাঝে বিরতির পর আবারও সঙ্গীতাঙ্গনে এখন নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। তার শেষ প্রকাশিত অ্যালবাম ‘জানরে’। শ্রোতারা তাদের প্রিয় শিল্পীকে আবারও ফিরে পায়। এবার তিনি প্রকাশ করতে যাচ্ছেন তার গানের মিউজিক ভিডিও। আসছে ঈদুল আজহাকে কেন্দ্র করে তার নতুন তিনটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করবেন।
মিউজিক ভিডিওর গানগুলো হচ্ছে, ‘জানরে’ অ্যালবামের ‘আকাশের চাঁদ’ ও ‘জানরে’ এবং তার ‘এক্স প্রেম’ অ্যালবাম থেকে ‘প্রতিশোধ’ গানটি। আসিফ জানান, ‘নিয়মিতই মিউজিক করার ইচ্ছা আছে। বিশেষ সময়ে ভক্তদের জন্য এক বিশেষ উপহার এটি।’ আসিফ তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান থেকে মিউজিক ভিডিওগুলো প্রকাশ করার পাশাপাশি তার দুটি অপ্রকাশিত গান প্রকাশ করবেন।
