দুই লক্ষাধিক সৌদি রিয়ালসহ এক ব্যক্তি আটক

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৪, ০০:২৯

রোববার রাতে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই লাখ ২৭ হাজার সৌদি রিয়ালসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক বিভাগ। আটক ব্যাক্তির নাম টিপু সুলতান (৪০)। তাঁর বাড়ি কুমিল্লায়। তিনি মালয়েশিয়ায় যাচ্ছিলেন। সঙ্গে থাকা দুটি ব্যাগে তিনি এসব সৌদি রিয়াল বহন করছিলেন।

ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কাজী মো. জিয়াউদ্দিন জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে টিপু সুলতানের সঙ্গে থাকা মালামাল তল্লাশি করা হয়। উদ্ধারকৃত রিয়ালের ১৫টি বান্ডিলে থাকা সব নোটই ৫০০ রিয়ালের। টিপু সুলতান মুদ্রা পাচারের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। টিপু সুলতান প্রায়ই মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে।