পুলিশের গুলিতে দুই ‘ছিনতাইকারী’ আহত

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৪, ১৯:৪৪
 
রাজধানীর ধানমন্ডিতে ‘ছিনতাই করে পালানোর সময়’ পুলিশের গুলিতে দুই যুবক আহত হয়েছেন। তারা হলেন-সাইদুর রহমান ও শহীদ মিয়া ওরফে সৌরভ।
 সোমবার সকালের এ ঘটনায় পুলিশের দুই সদস্যও আহত হন। আহত কনষ্টেবল তপন সরকার ও শাহ আলমকে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।
ঘটনাস্থল থেকে একটি প্রাইভেট কার, একটি ছোরা, একটি চাপাতি, ৫৬ হাজার ৫৬০ টাকা, নয়টি মোবাইল ফোন সেট ও লুণ্ঠিত ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। একদিন আগেও তারা ধানমন্ডিতে একই কৌশলে ছিনতাই করে।
ধানমন্ডি থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, সকাল সোয়া ৬টার দিকে কলাবাগান মাঠের পাশের রাস্তা দিয়ে রিকশায় করে যাচ্ছিলেন এক দম্পতি। এ সময় একটি প্রাইভেট কারে আসা ছিনতাইকারীরা রিকশার পাশে গিয়ে গাড়ির গতি কমিয়ে আনে। এ সুযোগে ছিনতাইকারীদের একজন গাড়ির জানালা থেকে হাত বাড়িয়ে রিকশা আরোহী নারীর ভ্যানিটি ব্যাগ কেড়ে নেয়। পরক্ষণেই গতি বাড়িয়ে ছিনতাইকারীদের গাড়িটি চলে যায়। ঐ নারীর চিত্কার শুনে কাছেই দায়িত্ব পালনরত পুলিশের টহল দল এগিয়ে যায়। ধাওয়া করার একপর্যায়ে ছিনতাইকারীরা ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ডের দিকে চলে যায়। সেখানকার পুলিশ ছিনতাইকারীদের গাড়ি আটকানোর জন্য সিএনজি অটোরিকশা দিয়ে রাস্তায় ব্যারিকেড দেয়। কিন্তু ছিনতাইকারীরা অটোরিকশাকে ধাক্কা দিয়ে গাড়ি রেখে পালানোর চেস্টা করে। তখন কর্তব্যরত এসআই আব্দুল্লাহিল মারুফ গুলি ছুড়লে দুই ছিনতাইকারী আহত হয়। বাকিরা পালিয়ে যায়। আহত দুজনকে গ্রেফতার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। অটোরিকশার ধাক্কায় আহত দুই পুলিশ সদস্যকে স্কয়ার হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।