সাড়ে ১২ কোটি টাকা আত্মসাত্

জনতা ব্যাংকের ৪ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৪, ১৯:৪৬
 
 
 
 
 
রুগ্ন শিল্প দেখিয়ে সুদ মওকুফ করে জনতা ব্যাংক থেকে প্রায় সাড়ে ১২ কোটি টাকার হাতিয়ে নেওয়ার ঘটনায় ব্যাংকের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট অনুসন্ধান দল তাদের জিজ্ঞাসাবাদ করেন। যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন, জনতা ব্যাংকের কর্পোরেট শাখার ডিজিএম মো. আজমুল হক, এজিএম অজয় কুমার ঘোষ, আঞ্চলিক শাখার ডিজিএম এস এম আবু হেনা মোস্তফা কামাল ও প্রধান কর্যালয়ের প্রশাসনের জিএম মো. আবদুছ ছালাম আজাদ।
দুদক সূত্রে জানা যায়, ধাতুর প্রলেপযুক্ত (গ্যালভানাইজড) তার প্রস্তুতকারী প্রতিষ্ঠান মুশনাওয়্যার প্রোডাক্ট লিমিটেড কোনো ধরনের যাচাই-বাছাই না করেই এবং রুগ্ন শিল্প হিসেবে এই প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ১২ কোটি টাকার সুদ মওকুফ করে দেয় জনতা ব্যাংক। ঋণ মওকুফের আবেদন মঞ্জুরের মাত্র দেড় মাসের মাথায় ‘রুগ্ন শিল্প’ মুশনাওয়্যার প্রোডাক্ট লিমিটেডকে হলমার্কের স্বত্বাধিকারী তানভীর মাহমুদের কাছে সাড়ে ৩৫ কোটি টাকায় বিক্রি করে দেন মাহবুবুর রহমান। আর এ কাজে সহায়তা করেছেন ব্যাংকের কর্মকর্তারাই। সুদ মওকুফ করে সুদের টাকা ভাগবাটওয়ারা করে নেয়া হয়েছে বলে দুদকে জমা পড়া অভিযোগে উল্লেখ করা হয়েছে।