পবিত্র হজ ও হাজীদের আপত্তিকর মন্তব্য করার অভিযোগে টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে বহিষ্কারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে হেফাজতে ইসলাম। অন্যথায় গত বছরের মতো আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা।
সোমবার এক বিবৃতিতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতারা বলেন, পবিত্র হজ ও হাজীদের কটাক্ষ করার স্পর্ধা দেখিয়ে মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী নিউইয়র্কে যে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন তা কেবল একজন উগ্র নাস্তিকের পক্ষেই সম্ভব। অবিলম্বে তাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে গ্রেফতারপূর্বক সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে।
বিবৃতিতে বলা হয়, যদি সরকার তার বিরুদ্ধে মন্ত্রিসভা থেকে বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তবে দেশের লক্ষ-কোটি নবীপ্রেমিক জনতা আবারো ২০১৩ সালের মতো সারাদেশে নাস্তিক-বিরোধী আন্দোলনে নামতে বাধ্য হবে এবং প্রমাণিত হবে আওয়ামী লীগ নাস্তিক-মুরতাদদের দল।
বিবৃতিদাতারা হলেন- হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, মহাসচিব মাওলানা জুনাইদ বাবুনগরী, নায়েবে আমির মাওলানা নূর হোসাইন কাসেমী, মাওলানা শামসুল আলম, মাওলানা শাহ আহমদুল্লাহ আশরাফ, মাওলানা আবদুল মালেক হালিম, মাওলানা তাফাজ্জল হোসাইন হবিগঞ্জ, মুফতি মোজাফফর আহমদ, মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুরপুর প্রমুখ।
