রাজধানীতে অজ্ঞান পার্টির ১০ সদস্য গ্রেফতার

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৪, ২০:০১
 
রাজধানীর যাত্রাবাড়ী ও সায়েদাবাদ থেকে অজ্ঞান পার্টির ৭ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন, সুমন (২৯), হাসান (২২), সেকেন্দার আলী (২৮), সোহাগ (২০), আব্দুল মান্নান (৭৮), সাইদুল ইসলাম (৩৫) ও আব্দুল জলিল (৪৮)। এদিকে, গতকাল সোমবার ধানমন্ডি থানা পুলিশ নূর আলম (৫৫), আলমাস (৩৮) ও সুরুজ মিয়া (৩৫) নামে অজ্ঞান পার্টির ৩ সদস্যকে গ্রেফতার করেছে।
ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী ও সায়দাবাদ থেকে অজ্ঞান পার্টির ৭ সদস্যকে গ্রেফতার করা হয়। ঈদ ও পূজাকে সামনে রেখে রাজধানীতে অজ্ঞান পার্টির সদস্যরা আবারো তত্পর হয়ে উঠেছে। ইতোমধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এসব কারণে অজ্ঞান পার্টির বিরুদ্ধে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।
এদিকে ধানমন্ডি থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, রবিবার রাতে ২৭ নম্বর রোডের রাপা প্লাজার সামনে অজ্ঞান পার্টির সদস্যরা একজন সিএনজি চালিত অটোরিকশা চালককে অজ্ঞান করে তার সিএনজি অটোরিকশাটি নিয়ে যায়। পরে তার অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে সাতমসজিদ রোড থেকে নুরে আলমকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যে ঢাকার ধামরাই থেকে আলমাস ও সুরুজ মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪টি চোরাই সিএনজি অটোরিকশা, কয়েকটি চাপাতি, অজ্ঞান করার ট্যাবলেট ও ৫৬ হাজার টাকা উদ্ধার করা হয়।