সামিউন ৩ দিনের রিমান্ডে

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৪, ২১:৩৯
 
ইসলামিক স্টেটের (আইএস) সদস্য সন্দেহে গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক সামিউন রহমান ওরফে ইবনে হামদানকে (২৪) জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। সোমবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান নুর এই রিমান্ড মঞ্জুর করেন।
শাহবাগ থানার সন্ত্রাস বিরোধীন আইনের একটি মামলায় তদন্ত কর্মকর্তা আসলাম আলী শেখ ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার উল্লা বাংলাটিমের সদস্য উক্ত আসামিকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে  গ্রেপ্তার করা হয়। সে ওইদিন সিলেট থেকে পারাবত ট্রেনে ঢাকা আসেন। তিনি ইসলামিক স্টেট (আই এস) ও নুসরা ব্রিগেডের জন্য জিহাদী কর্মী সংগ্রহকারী হিসেবে বাংলাদেশের বিভিন্ন এলাকায় কর্মী সংগ্রহ করছিলেন বলে স্বীকার করেন।
রিমান্ড আবেদনে আরও বলা হয়, সম্প্রতি আল কায়দার আমীর আইমান আল জাওয়াহিরি ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও বার্মার মাধ্যমে এশিয়া মহাদেশে সশস্ত্র জিহাদের মাধ্যমে ইসলামি শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য মতবাদ দেন।
জাওয়াহিরির বক্তব্যে অনুপ্রণিত হয়ে এবং হামদান এর নেতৃত্বে সশস্ত্র জিহাদের জন্য আসিফ আদনান শুভ এবং ফজলে এলাহি তানজিল সিরিয়ায় প্রশিক্ষণের প্রস্তুতি গ্রহণ করেছেন বলে স্বীকার করেছেন।