পাঁচ বছরের শিশু সুমাইয়া। বাসার কাছের রেললাইন লাগোয়া এলাকায় আপনমনে খেলছিল। হঠাত্ কখন রেললাইনে উঠে পড়েছিল নিজেও হয়ত খেয়াল করেনি। তখনই ঐ লাইনে চলে আসে একটি দ্রুতগামী ট্রেন। কিছু বুঝে ওঠার আগেই সে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন। সোমবার বিকালে রাজধানীর মগবাজারের ওয়্যারলেস রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে ।
শিশুটির মা রেহানা বেগম জানান, মগবাজারের বাগানবাড়ি এলাকার ৭৮/২ নম্বর বাসায় পরিবারের সঙ্গে থাকত সুমাইয়া। স্থানীয় একটি স্কুলে সে দ্বিতীয় শ্রেণীতে পড়ত। তার বাবা নুরুল ইসলাম ওমানে থাকেন। সুমাইয়া বিকাল সাড়ে ৩টার দিকে ওয়্যারলেস রেলগেট এলাকায় খেলছিল। এ সময় ট্রেনের ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বিকাল সাড়ে ৫ টার দিকে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
