জয় বাংলাদেশ সরকারের কেউ নয় বলে মন্তব্য করেছেন, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।
রবিবার বিকেলে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি পবিত্র হজ ও তাবলিগ জামাত সম্পর্কেও বিরূপ মত প্রকাশ করেন।
নিউইয়র্ক টাঙ্গাইল সমিতির সদস্যরা এ মত বিনিময় সভার আয়োজন করে।
সাংবাদিকেরা ইন্টারনেট ও তথ্য প্রযক্তি বিষয়ে নানা প্রশ্ন করেন। এক পর্যায়ে মন্ত্রী সাংবাদিকদের ওপর বিরক্ত হয়ে পড়েন। এক প্রশ্নকর্তা প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের প্রসঙ্গ টানেন। এসময় মন্ত্রী এক বলেন, ‘জয় ভাই কে?’ ওই সময় মঞ্চে থাকা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘সজীব ওয়াজেদ জয়।’ জবাবে লতিফ সিদ্দিকী বলেন, ‘সে করার কে? জয় বাংলাদেশ সরকারের কেউ নয়। এখানে জয়ের কিছু করার নেই। সরকার সিদ্ধান্ত গ্রহণ করে। কার্যকর করেন মন্ত্রী।’ তিনি বলেন, ‘কথায় কথায় আপনারা জয়কে টানেন কেন?’
বক্তব্য দান কালে লতিফ সিদ্দিকীর হজ, তাবলিগ জামাত, বিশ্ব ইজতেমা নিয়ে বিরূপ মন্তব্য করেন। এতে সভায় বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে অবস্থান করছেন ।
