আজ জাতীয় কন্যাশিশু দিবস

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৪, ১১:৫৭
‘শিক্ষা পুষ্টি নিশ্চিত করি, শিশু বিয়ে বন্ধ করি’ প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় কন্যাশিশু দিবস।
সরকারের ২০১১ সালের সর্বশেষ বাংলাদেশ জনমিতি স্বাস্থ্য জরিপ (বিডিএইচএস) মতে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই ৬৬ শতাংশ মেয়ের বিয়ে হয়। ১৯ বছরের মধ্যে প্রতি তিনজনের একজন কিশোরী গর্ভধারণ করছে বা সন্তানের জন্ম দিচ্ছে। প্রতি পাঁচজনে একজন মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান। এদের মধ্যে কিশোরী মা-ই বেশি। এই বাস্তবতায় কন্যাশিশুর অধিকার প্রাপ্তি নিশ্চিত করতে পালিত হবে দিবসটি। শিশু অধিকার রক্ষার্থে ১৯৫৪ সালে জাতিসংঘ কর্তৃক এক প্রস্তাবে বিশ্বব্যাপী প্রতিবছর একদিন ‘শিশু দিবস’ পালনের সিদ্ধান্ত নেয়া হয়। এই ধারাবাহিকতায় একদিন শিশু অধিকার দিবস পালনেরও সিদ্ধান্ত হয়। প্রতিবছর ২৯ সেপ্টেম্বর ‘শিশু অধিকার দিবস’ পালিত হয়ে আসছে। কন্যাশিশুর প্রতি জেন্ডার বৈষম্য রোধে তাদের অধিকার প্রতিষ্ঠা ও সুষ্ঠু বিকাশের বিষয়টিকে  বৃহত্তর সামাজিক আন্দোলনে রূপ দেয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়। ২০০০ সালে তত্কালীন সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সরকারি আদেশের মাধ্যমে শিশু অধিকার সপ্তাহের দ্বিতীয় দিনকে ‘কন্যাশিশু দিবস’ পালনের লক্ষ্যে ৩০ সেপ্টেম্বরকে ‘জাতীয় কন্যাশিশু দিবস’ হিসাবে পালনের ঘোষণা দেন। তখন থেকেই যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।