প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) নতুন আবেদন পদ্ধতি পাইলট প্রজেক্ট বিনিয়োগকারীদের মধ্যে দারুণ উত্সাহ সৃষ্টি করেছে। এ পদ্ধতির মাধ্যমে আইপিওর অর্থ জমা দিতে ব্যাংকে লম্বা লাইন ধরতে হচ্ছে না। খুব সহজে ব্রোকারেজ হাউসেই করা যাচ্ছে আইপিওর আবেদন। এতে বিনিয়োগকারীরা সন্তুষ্ট। দুই দিন ধরে ব্যাংকের ঝামেলাহীন এই পাইলট প্রজেক্টে অনেক বিনিয়োগকারী আইপিওতে আবেদন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ১৭৪টি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭৩টি ব্রোকারেজ হাউহ পাইলট প্রজেক্টে অংশগ্রহণ করেছে।
পাইলট প্রজেক্ট পদ্ধতি বিনিয়োগকারীরা ইতিবাচক হিসেবে নিচ্ছেন। বিনিয়োগকারীরা বলছেন, এ পদ্ধতিতে বিনিয়োগকারীদের লাইনে দাঁড়িয়ে অর্থ জমা দেয়ার ভোগান্তি নেই। তাই অল্প সময়ের মধ্যে আইপিও আবেদন করা সম্ভব হচ্ছে। অনেকে লাইনে অপেক্ষা করার ভোগান্তির কারণে আইপিও আবেদনই করতেন না। এখন তারাও আইপিওতে আবেদন করছেন। ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা বলছেন, সামনে পাইলট প্রজেক্টের মাধ্যমে আইপিওর অর্থ জমা দেয়ার প্রবণতা বৃদ্ধি পাবে। কারণ, এখনো অনেকে এ সম্পর্কে ভালো জানেন না।
এ দিকে, গত কয়েক দিন টানা দর বৃদ্ধির পর এক দিন সূচক কমলেও মঙ্গলবার ফের বেড়েছে ডিএসইর সূচক। তবে সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। এ দিকে, ডিএসইতে সূচক বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে। তথ্যে দেখা গেছে, ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮৭৯ কোটি ৭৬ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ২২ কোটি ৮৫ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৩৭টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ারের। অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট কমে ১৫ হাজার ৬২০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৫৩ কোটি ৬৭ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ১১ কোটি টাকা কম। লেনদেনকৃত ২২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯২টির কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের।
ডিএসই সূত্রে জানা গেছে, অস্বাভাবিকভাবে শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফাইনান্স লিমিটেড। সাম্প্র্রতিক সময়ে অস্বাভাবিহারে দর বাড়ার কারণ জানতে চাওয়ার পরিপ্রেক্ষিতে ডিএসইকে এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
