বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের বিদায়ি আবাসিক সমন্বয়ক নিল ওয়াকার বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, তথ্য প্রযুক্তিসহ আর্থ-সামাজিক বিভিন্ন ক্ষেত্রে দ্রুত অগ্রগতি ও সহস্রাব্দ লক্ষ্যসমূহ অর্জনে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের উচ্চ প্রশংসা করেছেন ।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎকালে তিনি এ প্রশংসা ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে দরিদ্র দূরীকরণ, সহস্রাব্দ লক্ষসমূহ অর্জন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা, সংকট প্রতিরোধ ও মোকাবিলা, পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের জন্য জ্বালানি ব্যবহার ইত্যাদি খাতের উন্নয়নে জাতিসংঘের অব্যহত আর্থিক ও অন্যান্য সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান। বাংলাদেশ ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার মধ্যেকার সহযোগিতামূলক সম্পর্ক সম্প্রসারন ও শক্তিশালীকরণে নিল ওয়াকারের ভূয়সী প্রশংসা করে মাহমুদ আলী পরবর্তী কর্মক্ষেত্র ইউক্রেনে তার সাফল্য কামনা করেন।
বাংলাদেশে অবস্থানকালে দায়িত্ব পালনের ক্ষেত্রে এ দেশের সরকারের সার্বিক সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া আজ পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের বিদায়ী হাই কমিশনার আফ্রাসিয়াব মেহ্দী হাশমী পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন । সাক্ষাৎকালে বিদায়ী হাই-কমিশনার ৩ বছরেরও বেশী সময় ধরে বাংলাদেশে তাঁর অবস্থানকে অত্যন্ত চমৎকার ও আনন্দময় হিসেবে উল্লেখ করেন। তিনি এসময়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সর্ম্পোন্নয়নে হাইকমিশনার আফ্রাসিয়াবের বলিষ্ঠ ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী তার ও তার পরিবারের সদস্যদের সার্বিক কল্যাণ ও সুস্বাস্থ্য কামনা করেন। খবর বাসসের।
