হজ নিয়ে অবমাননাকর মন্তব্য করায় ডাক ও টেলিযোগাযোগ এবং প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর গ্রেফতারের দাবি আহলে সুন্নাত ওয়াল জামাত। একই সাথে মন্ত্রিসভা ও জাতীয় সংসদ থেকে তাকে বাদ দেয়ার দাবিও করেছে সংগঠনটি। মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন এসব দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব মোছাহেব উদ্দিন বখতেয়ার বলেন, মন্ত্রী লতিফ সিদ্দিকী যুক্তরাষ্ট্রে একটি সভায় ইসলাম অবমাননার যে দুঃসাহস দেখিয়েছেন, ইতোপূর্বে কোনো সরকারি দায়িত্বশীল ব্যক্তির পক্ষে তা সম্ভব হয়নি। তার মনগড়া মন্তব্যগুলো নবী এবং ইসলামের একটি ফরজ ইবাদতের প্রতি অশ্লীল, কূরুচিপূর্ণ ও আক্রমণাত্মক, যা বিশ্বের কোটি কোটি মুসলমানকে আহত করেছে। তাই এ গণদুশমনকে সকল সংগঠন, সংস্থাসহ বিভিন্ন গণমুখী কর্মকাণ্ড থেকে বহিষ্কার করতে হবে।
লতিফ সিদ্দিকীকে অপসারণে শুক্রবার পর্যন্ত সরকারকে সময় দিয়ে আহলে সুন্নাতের নেতারা এরপরে দেশব্যাপী কঠোর কর্মসূচি দেওয়ার হুমকিও দিয়েছেন।
সংবাদ সম্মেলনে আহলে সুন্নাতের প্রধান সমন্বয়কারী মাওলানা এম এ মতিন, মুফতি ওবায়দুল হক নঈমী, মুফতি সৈয়দ অছিয়র রহমান, মাওলানা আবুল ফারাহ ফরিদুদ্দিন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে আহলে সুন্নাতের পক্ষ থেকে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন এবং প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
