ঈদ-পূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর ১৪টি প্রবেশ পথে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, পরীক্ষামূলকভাবে ইতোমধ্যে রাজধানীতে প্রবেশের কয়েকটি স্থানে সিসি ক্যামেরা বসানো হয়েছে। দুই একদিনের মধ্যে বাকিগুলোও বসানো হবে।
ঈদ-পূজার ছুটিতে নগরবাসীর জানমালের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে ভবন মালিকদেরও সিসি ক্যামেরা বসানোর আহ্বান জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ঈদের ছুটিতে ঢাকা প্রায় খালি হয়ে যায়। ভবন মালিকরা সিসি ক্যামেরা বসালে অনেক ঘটনা সহজে সনাক্ত করা যাবে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ছুটির মধ্যে মহাসড়কগুলোর নিরাপত্তায় বিভিন্ন স্থানে পুলিশের ক্যাম্প ছাড়াও ‘ওয়াচটাওয়ার’ বসানো হয়েছে। রাতে দূর থেকে নজরদারির জন্য নাইট ভিশন দুরবিন রাখা হয়েছে বিভিন্ন পয়েন্টে। এই সময় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসারের পাশাপাশি বিজিবিকেও (বর্ডার গার্ড বাংলাদেশ) সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।
মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উত্সব কোরবানির ঈদ (ঈদ উল আজহা) এবং সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উত্সব দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি শুরু হচ্ছে ৪ সেপ্টেম্বর। তাবে তার আগের দিন সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হওয়ায় কার্যত ২ সেপ্টেম্বর বিকাল থেকেই ফাঁকা হতে শুরু করবে ঢাকা।
