সোনালী ব্যাংকের সাবেক ডিজিএমসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৪, ২০:১৪
 
 
 
ছয় কোটি সতের লাখ টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখার সাবেক ডিজিএমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কশিমন (দুদক)। মঙ্গলবার বিকালে রাজধানীর মতিঝিল থানায় দুদকের উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দন্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
মামলায় অভিযুক্তরা হলেন— সোনালী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য করপোরেট শাখার সাবেক ডিজিএম জি এম বাকী বিল্লাহ, একই শাখার সাবেক এজিএম মো. আব্দল হাই, রাহান গার্মেন্টস (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সরওয়ার এম (মোস্তফা) কামাল, পরিচালক (বর্তমানে আমেরিকায় বসবাসরত) সাইদুর ইসলাম খান ও আরেক পরিচালক (বর্তমানে আমেরিকায় বসবাসরত) আবু সাইদ শাহরিয়ার আহমেদ।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে সোনালী ব্যাংকের মতিঝিল বৈদেশিক বাণিজ্য করপোরেট শাখার মাধ্যমে এলসির মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও এবং শিপমেন্টের তারিখ নেই জেনেও দুইটি বিল ক্রয়পূর্বক ৬৬ লাখ ১৬ হাজার ৫২৮ টাকা আত্মসাত করেছেন। যা এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি। বর্তমানে সুদ আসলে তা ৬ কোটি ১৭ লাখ ৪১ হাজার ৮৮৪ টাকা হয়েছে। ২০০০ সালের ২৩ অক্টোবর থেকে ২০০১ সালের ২২ অক্টোবর পর্যন্ত সময়ে এ দুর্নীতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।