বিএনপি নেতা ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ চার জনের বিরুদ্ধে প্রায় সাড়ে ১৫ কোটি টাকা আত্মসাতের মামলার তদন্তে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক দুই তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে দুপুর ১২টা থেকে বিকাল পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ দুইজন হলেন গৃহায়ণের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম ও ঢাকা সার্কেলের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল ওয়াহেদ জোমাদ্দার। দুদকের উপ-পরিচালক যতন কুমার রায় তাকে জিজ্ঞাসাবাদ করেন।
দুদক সূত্রে জানা গেছে, গৃহায়ণ প্রতিমন্ত্রী থাকাকালে ২০০৬ সালে আলমগীর কবিরের হস্তক্ষেপে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের (এনএইচএ) কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ দেন। ১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯০০ কোটি টাকা মূল্যের সরকারি সাত একর সম্পত্তি তিন কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যে বরাদ্দ দিয়ে সরকারের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা ক্ষতিসাধনপূর্বক আত্মসাতের অভিযোগে গত ৬ মার্চ রাজধানীর শাহবাগ থানায় মামলাটি (মামলা নং-১১) দায়ের করা হয়। ওই মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়।
