লতিফ সিদ্দিকীকে ‘অব্যাহতি’: মন্ত্রিপরিষদ সচিব বললেন কিছু জানেন না!

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৪, ২১:২৮
 
 
 
 
 
 
 
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে ‘অব্যাহতি’  দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসলামের অন্যতম স্তম্ভ পবিত্র হজ্ব সম্পর্কে চরম আপত্তিকর মন্তব্য করার পাশাপাশি তাবলিগ এবং প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে বিতর্কিত উক্তি করায় তাকে ‘অব্যাহতি’ দেয়া হচ্ছে। লন্ডনে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সিদ্ধান্ত নিয়েছেন।বৃহস্পতিবার প্রধানমন্ত্রী দেশে ফিরলে মন্ত্রিসভা থেকে আব্দুল লতিফ সিদ্দিকীর ‘অব্যাহতি’র প্রজ্ঞাপন জারি করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা জানান— তিনি এ বিষয়ে কিছু জানেন না।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ইত্তেফাককে বলেন, ‘আব্দুল লতিফ সিদ্দিকীকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন থেকে নিয়েছেন। তবে অফিসিয়ালি কোনো কাগজ এখনো তারা পাননি। আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেয়ার পাশাপাশি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পদ থেকেও সরিয়ে দেয়া হতে পারে।’  
এ দিকে, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী মন্ত্রিসভার একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে বিরূপ মন্তব্য করায় ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর প্রতি চরম ক্ষুব্ধ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউইয়র্ক থেকে হিথ্রো বিমানবন্দরে অবতরণের পরপরই প্রধানমন্ত্রী এ বিষয়ে ঢাকায় সরকার ও দলের শীর্ষ নেতাদের সাথে টেলিফোনে কথা বলেন। টেলিফোন আলাপে এ সময় প্রধানমন্ত্রী তার চরম অসন্তুষ্টির কথা প্রকাশ করেন। বিমানবন্দর থেকে হোটেল হিল্টন অন পার্কলেইনে এসে পৌঁছার পর সোম ও মঙ্গলবার ঢাকার সরকার ও দলের শীর্ষ নেতাদের সাথে এ বিষয়ে আরো কয়েক দফা টেলিফোন আলাপ করেন শেখ হাসিনা। ঢাকা থেকে প্রধানমন্ত্রীকে জানানো হয়, পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে লতিফ সিদ্দিকীর আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে দেশের ধর্মপ্রাণ সাধারণ মানুষ স্বোচ্চার হয়েছে। বিষয়টি নিয়ে বিএনপি ও ধর্মান্ধ দলগুলো রাজনৈতিক ফায়দা হাসিলের ষড়যন্ত্র করছে বলেও প্রধানমন্ত্রীকে জানানো হয়।’