আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, তিস্তা চুক্তি অবশ্যই হবে। এ নিয়ে দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশ একটা মর্যাদাপূর্ণ দেশ। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর আলোচনা অত্যন্ত ফলপ্রসু হয়েছে, উত্তরবঙ্গের তিস্তার পানি বন্টন চুক্তি অবিলম্বেই হবে।
আজ মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর বাজারে মধুরাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম চৌধুরী লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বার্হী প্রকৌশলী সাঈদ আমহদ, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদ, দিরাই উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. আলতাফ হোসেন, ওসি বায়েস আলম, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শাহজাহান প্রমুখ বক্তব্য রাখেন।
