হংকংয়ে বিক্ষোভকারীরা অনড়

আপডেট : ০১ অক্টোবর ২০১৪, ০১:২৭

সাবেক ব্রিটিশ উপনিবেশ হংকংয়ের রাস্তায় কয়েক দিন ধরে গণতন্ত্রের পক্ষে বিক্ষোভ চলছে। এতে প্রধান ভূমিকা রাখছে ‘অকুপাই সেন্ট্রাল’ গ্রুপ। তারা ইতিমধ্যে প্রশাসক লিউং চুন-ইংয়ের বিক্ষোভ বন্ধের আহ্বান প্রত্যাখ্যান করেছে। উল্টো তারা লিউংকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে। লিউংয়ের বিবৃতির পর অকুপাই সেন্ট্রালের সহপ্রতিষ্ঠাতা শান কিন-মান সাংবাদিকদের বলেন, ‘লিউং পদত্যাগের ঘোষণা দিলে এ আন্দোলন স্বল্প সময়ের জন্য হলেও বন্ধ করা হবে। তারপর আমরা পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেব।’ তিনি যোগ করেন, লিউং পদত্যাগ করলে তা হবে একটা তাৎপর্যপূর্ণ সংকেত। বিক্ষোভকারীরা তখন মনে করবে, সরকার তার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনছে। সরকার আসলেই চলমান সংকটের সমাধান চায়।

হংকংয়ের শীর্ষ পদ প্রধান নির্বাহী নির্বাচন প্রশ্নে গত মাসে চীনের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে এ বিক্ষোভের সূচনা। সিদ্ধান্ত মোতাবেক প্রধান নির্বাহী পদের জন্য ২০১৭ সালের নির্বাচনে কেবল বেইজিংয়ের মনোনীত দুই বা তিনজনই প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
যুক্তরাজ্য ১৯৯৭ সালে হংকংকে চীনের হাতে ফিরিয়ে দেওয়ার পর থেকে সেখানেই এটাই সবচেয়ে বড় বিক্ষোভ।