মঙ্গলবার বিকেলে ঢাকার আশুলিয়ায় আশরাফুল আলম (২২) নামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আশরাফুল খুলনার রূপসা থানার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের আসলাম মিয়ার ছেলে। আশুলিয়া থানার পুলিশ জানায়, আশরাফুল ড্যাফোডিল ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। ইসলামনগরের একটি বাড়ির চতুর্থ তলার দুটি কক্ষে থাকতেন আশরাফুলসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী। তাঁরা হলেন চারুকলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রবিউল করিম ও আসিফ কাদের সিদ্দিকী এবং বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাকিবুল হাসান খান। আসিফ গত সোমবার বাড়ি চলে গেছেন। গতকাল বিকেলে ওই বাসায় আশরাফকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করা হয়।
রাকিবুল হাসান বলেন, বিকেল পাঁচটার দিকে আশরাফ বাথরুমে গোসল করছিলেন। রবিউল ও তিনি কক্ষে গিটার বাজাচ্ছিলেন। এ সময় প্যান্ট-শার্ট পরা দুই তরুণ ব্যাগ কাঁধে করে তাঁদের ফ্ল্যাটে গিয়ে আশরাফের খোঁজ করেন। আশরাফ বাথরুমে আছেন বলে তাঁরা (রকিব ও রবিউল) তাঁদের অপেক্ষা করতে বলেন। কয়েক মিনিট পরে আশরাফ বের হয়ে ওই তরুণদের সঙ্গে কথা বলতে বলতে পাশের কক্ষে যান। এ সময় অজ্ঞাতপরিচয় তরুণেরা বাইরে থেকে তাঁদের (রকিব ও রবিউল) কক্ষের দরজা আটকে দিয়ে আশরাফকে চাপাতি দিয়ে গলা ও বুকে কোপাতে থাকেন। দরজা বন্ধ থাকায় তাঁরা বের হতে পারেননি। জানালা দিয়ে চিৎকার করে বাড়ির মালিক হাবিবুর রহমানকে বিষয়টি জানালে তিনি এসে তাঁদের কক্ষ থেকে বের করেন। এরপর তাঁরা আশরাফের নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। এলাকাবাসী ও বন্ধুদের সহায়তায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আশরাফুলের খুনি ও হত্যার কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। সাভার সার্কেলের আশুলিয়া ও ধামরাই থানার সহকারী পুলিশ সুপার রাসেল শেখ বলেন, ‘ধারালো অস্ত্র দিয়ে আশরাফুলের গলা কাটা হয়েছে। তবে কে বা করা এর সঙ্গে জড়িত, প্রাথমিকভাবে তা জানতে পারিনি। এ ঘটনায় মিনার ও রাকিবুলকে জিজ্ঞাসাবাদ করা হবে।’