ধর্মীয় অনুভূতিতে আঘাতের অপরাধের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে আইন প্রণয়ণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দকীর গ্রেফতারের নির্দেশনা চাওয়া হয়েছে। বুধবার সুুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ সংশ্লিষ্ট বিভাগে এই রিট আবেদন করেন। ঈদুল আযহার ছুটির পরে এই রিটের শুনানি হতে পারে।
গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে জতবাসী বাংলাদেশিদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, ‘হজে ম্যানপাওয়ার নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গেছে। এদের কোনো কাম নাই। এদের কোনো প্রডাকশন নাই। শুধু রিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে। গড়ে যদি বাংলাদেশ থেকে এক লাখ লোক হজে যায়, প্রত্যেকের পাঁচ লাখ টাকা করে ৫০০ কোটি টাকা খরচ হয়।
তাবলিগ জামায়াতের সমালোচনা করে লতিফ সিদ্দিকী বলেন, তাবলিগ জামায়াত প্রতিবছর ২০ লাখ লোকের জমায়েত করে। নিজেদের তো কোনো কাম নাই। সারা দেশের গাড়িঘোড়া তারা বন্ধ করে দেয়।
মন্ত্রীর বক্তব্য ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায়’ ইউনুস আলী আকন্দ এই রিট আবেদন করেন।
