সৌদি আরবে রাষ্ট্রপতি

আপডেট : ০১ অক্টোবর ২০১৪, ১৮:৩১
 
রাষ্ট্রপতি আবদুল হামিদ পবিত্র হজ পালনের উদ্দেশে বুধবার সৌদি আরবে পৌঁছেছেন। রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফাইট সৌদি আরবের স্থানীয় সময় ভোর পৌনে ছয়টায় বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম টেলিফোনে একথা জানান। খবর: বাসসের।
বিমানবন্দরে মক্কার ডেপুটি গভর্নর ড. ইকাব আল-লুবাইয়েক, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম ও জেদ্দায় বাংলাদেশের কন্সাল জেনারেল একেএম শহীদুল করিম রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।
পরে রাষ্ট্রপতিকে রাজকীয় মোটর শোভাযাত্রাসহকারে মক্কা অতিথি প্রাসাদে নেয়া হয়। আজ রাতে তিনি এখানে অবস্থান করবেন। আবদুল হামিদ আজ ওমরাহ পালন করবেন।
এর আগে মঙ্গলবার রাত দুইটায় রাষ্ট্রপতি হযরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, কূটনৈতিক কোরের ডীন, তিন বাহিনীর প্রধানগণ এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
রাষ্ট্রপতি ১০ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। ঢাকা ত্যাগের আগে তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
হজ পালনকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ও জনগণের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করবেন।