পদ্মা সেতুর দ্বিতীয় শিপ মাওয়ার পথে : তৃতীয়িটিও আসছে

আপডেট : ০১ অক্টোবর ২০১৪, ২১:৩৩


পদ্মা সেতুর দ্বিতীয় শিপমেন্টের মালামাল মঙ্গলবার রাতে চট্টগ্রাম বন্দর থেকে মাওয়ার উদ্দেশে রওনা হয়েছে। আটশ টন ওজনের ৫ হাজার মিটার দীর্ঘ ড্রেজার পাইপ নিয়ে ৪০টি বড় ট্রাক এবং ১০ ট্রেইলার সয়েলটেস্টের যন্ত্রপাতি চট্টগ্রাম বন্দর থেকে মাওয়ায় আসছে। রাত সাড়ে ১১টায় মালামাল নিয়ে ১২টি ট্রাক ও তিনটি ট্রেইলার রওনা হয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলোও রওনা হবে।
এদিকে তৃতীয় শিপমেন্টে ড্রেজার, ভাসমান ক্রেন ও টাগবোটসহ বিভিন্ন যন্ত্রপাতি বহনকারী সাব-মার্জেবল ভার্সেল দু’টি চীনের সাংহাই বন্দর থেকে রওনা হয়েছে। এই জাহাজ আগামী ১২ অক্টোবর বাংলাদেশের গভীর সমুদ্রের কুতুবদিয়া মোহনায় পৌঁছবে। পানির গভীরতা কম থাকায় চট্টগ্রাম বন্দর থেকে ৪৫ নটিক্যাল মাইল দূরে বড় আকারের এই জাহাজ দু’টি নোঙ্গর করবে। বিশেষ ব্যবস্থায় সেখানেই কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ছোট জাহাজে করে মালামাল সরাসরি মাওয়ায় আনা হবে।
পদ্মা সেতু বিভাগের নির্বার্হী প্রকৌশলী (মূলসেতু) দেওয়ান মো. আব্দুল কাদের জানান, চীন থেকে আসা প্রথম শিপমেন্টে সয়েল টেস্টের কেমিক্যাল ‘বেন্টানাইট’ শুক্রবার মাওয়ায় পৌঁছেছে।
এদিকে কক্সবাজারে কুতুবদিয়া মোহনায় তৃতীয় শিপমেন্টের মালামাল পৌঁছার পর নিরাপত্তা নিশ্চিতে কোস্টগার্ড নিয়োগ করার জন্য স্বরাষ্ট মন্ত্রণালয়ে জরুরি পত্র দেয়া হয়েছে। বিশেষ ব্যবস্থায় কুতুবদিয়ায় কাস্টমসের কার্যক্রম সম্পন্ন করার ব্যাপারেও প্রচেষ্টা চলছে।
দ্বিতীয় শিপমেন্টের মালামাল মাওয়া পৌঁছতে সংশ্লিষ্ট ৬টি জেলার প্রশাসনকেও পত্র দেয়া হয়েছে। এসব মালামাল পরিবহনের দায়িত্বে থাকা এসআই চৌধুরী এন্ড কোম্পানি (সিকো গ্রুপের প্রতিষ্ঠান) নির্বাহী পরিচালক আলী আহমদ জানান, যানজট না থাকলে বুধবারই এসব মালামাল মাওয়ায় পৌঁছতে শুরু করবে।
মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, মাওয়ায় সার্বিক নিরাপত্তাসহ সকল কর্মকাণ্ডে প্রশাসন বাড়তি সতর্কতা গ্রহণ করেছে। দেশের সর্ববৃহৎ এই সেতুর কর্মকা- বেগবান করতে সেনাবাহিনীও অংশ নিচ্ছে। খবর বাসস।