লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করলে হরতাল: সম্মিলিত ইসলামী দল

আপডেট : ০১ অক্টোবর ২০১৪, ১৯:১৬
টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে ১৫ অক্টোবরের মধ্যে গ্রেফতার ও বিচারের আওতায় আনা না হলে ২৬ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির ডাক দিয়েছে সম্মিলিত ইসলামী দলসমূহ। ইসলামী দলসমূহের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান বুধবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন। এ ছাড়া ৩ অক্টোবর সারাদেশে বিক্ষোভ ও দোয়া দিবস পালনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করারও ঘোষণা দেন তিনি।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মাওলানা মহিউদ্দীন রব্বানী,ইসলামী দলসমূহের যুগ্ম-মহাসচিব ড. খলিলুর রহমান মাদানি, খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসেন, মুসলিম লীগের মহাসচিব আবুল খায়ের, নেজামে ইসলাম পার্টির যুগ্ম-মহাসচিব মাওলানা আবদুল করিম, ঈমাম ওলামা পরিষদের সভাপতি মাওলানা সাজিদুর ফয়েজী, শরসিনা পীর শাহ মাওলানা শাহ আরিফ বিল্লাহ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মুফতি ফখরুল ইসলাম, আবদুস সবুর মাতব্বর প্রমুখ।