২ মাসে রাজস্ব আদায় বেড়েছে ১৫%, চলতি বছর লক্ষ্য ২৪%

আপডেট : ০১ অক্টোবর ২০১৪, ১৯:৩৩
 
চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে রাজস্ব আদায় গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে ১৬ হাজার ৮৬৫ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে, যা আগের অর্থবছরের প্রথম দুই মাসের তুলনায় ২ হাজার ১৮৯ কোটি টাকা বেশি। অবশ্য চলতি অর্থবছরের রাজস্বে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ২৪ শতাংশ। গড় রাজস্ব আদায়ের বিবেচনায় গত প্রথম দুই মাসের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার তুলনায় কম। যদিও একক মাস হিসেবে গত আগস্টে রাজস্ব আদায়ে বড় অগ্রগতি হয়েছে। গেল আগস্টে রাজস্ব আদায় বেড়েছে ২১ শতাংশেরও বেশি। আর গত জুলাইয়ে এ প্রবৃদ্ধি ছিল ৮ শতাংশ। রাজস্ব বোর্ড (এনবিআর) প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে।
চলতি অর্থবছরে ১ লাখ ৪৯ হাজার ৭২০ কোটি টাকার বড় রাজস্বের লক্ষ্য ঠিক করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। যদিও বিগত ২০১১৩-১৪ অর্থবছরে রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। আলোচ্য সময়ে প্রাথমিক লক্ষ্যমাত্রা কমিয়ে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা করা হয়েছিল। কিন্তু বছর শেষে ১ লাখ ২১ হাজার কোটি টাকা আদায় হয়েছিল। আলোচ্য অর্থবছরের বড় সময়জুড়ে রাজনৈতিক অস্থিরতা ছিল। হরতাল-অবরোধে ব্যবসায়ের গতি মন্থরতার জন্য রাজস্ব আদায় হয়নি বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন।
অবশ্য চলতি অর্থবছরের রাজস্বের লক্ষ্যমাত্রাও উচ্চাভিলাষী হয়েছে বলেই মনে করছেন বেশির ভাগ অর্থনীতিবিদ। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা অজিজুল ইসলাম ইত্তেফাককে বলেন, চলতি অর্থবছরে রাজনৈতিক অস্থিরতা নেই কিন্তু অনিশ্চয়তা রয়ে গেছে। অর্থনৈতিক কর্মকাণ্ডে এমন আহামরি গতি আসেনি যে, ২৪ শতাংশ রাজস্ব আদায় বাড়তে পারে। বাংলাদেশে কোনো অর্থবছরেই ২৪ শতাংশ রাজস্ব আদায় হয়নি— উল্লেখ করে তিনি বলেন, চলতি অর্থবছরেও প্রায় দেড় লাখ কোটি টাকার রাজস্ব আদায় না হওয়ার আশঙ্কা রয়েছে।
তবে এনবিআরের কর্মকর্তারা বলছেন, এ বছর রাজস্ব আদায় বাড়াতে নানামুখী পদক্ষেপ নেয়া হয়েছে। গত বাজেটে বেশ কিছু খাতে অগ্রিম আয়কর আরোপ করা বা বিদ্যমান হার বাড়ানো হয়েছে। সরকারি স্বায়ত্বশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানকে করের আওতায় আনা হয়েছে। মূল্য সংযোজন কর (ভ্যাট) ও শুল্কের ক্ষেত্রেও অনুরূপ পদক্ষেপ নেয়া হয়েছে। এ বিবেচনায় চলতি অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন হবে বলেই মনে করছেন এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন।
এনবিআর প্রকাশিত পরিসংখ্যান পর্যালোচনায় দেখা গেছে, জুলাই ও আগস্টে আয়কর ও অন্যান্য করের আদায় বেড়েছে ১৩ শতাংশ। আলোচ্য সমযে ৪ হাজার ৪৪১ কোটি টাকা আয়কর আদায় হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫১৪ কোটি টাকা বেশি। ভ্যাট আদায় বেড়েছে ১৪ দশমিক ২৮ শতাংশ। আলোচ্য সময়ে ৬ হাজার ৫৭১ কোটি টাকার ভ্যাট আদায় হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায ৮২১ কোটি টাকা বেশি। অন্য দিকে, শুল্ক আদায়ের প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৮৬ শতাংশ। আলোচ্য সময়ে ২ হাজার ২৯০ কোটি টাকার শুল্ক আদায় হয়েছে।