৭০ অনুচ্ছেদ সংসদকে ধ্বংস করছে: ড. কামাল

আপডেট : ০১ অক্টোবর ২০১৪, ২১:৪৮
 
 
 
 
সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ড. কামাল হোসেন বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ যেভাবে প্রয়োগ করা হচ্ছে তা সংসদকে ধ্বংস করছে। এই অনুচ্ছেদের ব্যপারে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘বিচারপতিদের অভিশংসন-ন্যায় বিচার-সুশাসন’ শীর্ষক এক গোল টেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
সংবিধানের ষোড়শ সংশোধনীর সমালোচনা করে প্রবীণ এই আইনজীবী বলেন, বিচারপতিদের অপসারণের আইন করার আগেই সুপারসনিক গতিতে সংবিধান সংশোধন করা হয়েছে। সংবিধান সংশোধনের পর বলা হলো তিন মাসের মধ্যে আইন করা হবে। কিন্তু একসঙ্গে আইন ও সংবিধান সংশোধনী নিয়ে সংশ্লিষ্ট পক্ষগণের মধ্যে আলাপ-আলোচনা হতে পারত।
ড. কামাল বলেন, সংবিধান অধীনে শপথ নিয়ে তা মেনে চলা হচ্ছে না। মেধা নয়, শুধুমাত্র দলীয় আনুগত্যই এখন যোগ্যতা হয়ে দাড়িয়েছে। গণতান্ত্রিক সরকারের আমলে এটা হওয়ার কথা নয়। কিন্তু আশ্চর্য হচ্ছি যে আওয়ামী লীগ এটি করছে, জীবনের অনেকটা সময় এই দল আমি করেছি। বাস্তবিক বিএনপি ২০০১ সালে এটি করেছে। কোনো সভ্য সমাজে, যেখানে আইনের শাসন আছে সেখানে এটা অকল্পনীয়।
‘গুড গভর্নেন্স ফোরাম’ এর উদ্যোগে আয়োজিত এই বৈঠকে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট সিগমা হুদা, সাবেক এমপি আহসান হাবিব লিংকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকমল বড়ুয়া প্রমুখ। সাবেক বিচারপতি সিকদার মকবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক জেলা জজ ইকতেদার আহমেদ।
মাহমুদুর রহমান মান্না দাবি করেন, ৫ জানুয়ারি নির্বাচন হয়নি, ভণ্ডামি হয়েছে, শঠতা হয়েছে।