এশিয়ার অন্যতম সমৃদ্ধ দেশ হতে পারে বাংলাদেশ: মজীনা

আপডেট : ০১ অক্টোবর ২০১৪, ২২:১৩
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, কিছু চ্যালেঞ্জ অতিক্রম করতে পারলে বাংলাদেশ এশিয়ার অন্যতম সমৃদ্ধ দেশে পরিণত হবে। ১৬ কোটি মানুষ প্রবল ইচ্ছা ও অঙ্গীকারের মাধ্যমে এইসব চ্যালেঞ্জ অতিক্রম করতে পারবে বলেও মনে করেন তিনি।  বুধবার চট্টগ্রামে চিটাগাং চেম্বার ও দি আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (এমচেম) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত এ বৈঠকের বিষয় ছিল ‘ভবিষ্যত্ অগ্রগতি ও কর্ম প্রক্রিয়ার প্রয়োজনে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন।’ এতে সভাপতিত্ব করেন চিটাগাং চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এমচেমের প্রেসিডেন্ট আফতাবুল ইসলাম, এমচেম এর নির্বাহী পরিচালক এ গফুর, বাংলাদেশে তুরস্কের অনারারি কনসাল সালাহউদ্দিন কাশেম খান, চিটাগাং চেম্বারের সাবেক প্রেসিডেন্ট মির্জা আবুল মনসুর, প্রফেসর সেকান্দর খান প্রমুখ।
মজীনা বলেন, বাংলাদেশের সামনে গভীর সমুদ্র বন্দরসহ চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দরের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জ্বালানি খাতে স্বনির্ভরতা, দেশে সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার মতো চ্যালেঞ্জ রয়েছে। তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অগ্রগতি সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, তৈরী পোশাক শিল্পে রানা প্লাজার মতো ঘটনা এবং শ্রমিকদের নিরাপত্তাজনিত কিছু সমস্যা উদ্যোক্তাদের নিরসন করতে হবে। এসব সমস্যা নিরসন করা গেলে বাংলাদেশ একদিন বিশ্বের এক নম্বর তৈরি পোশাক রপ্তানিকারী দেশে পরিণত হবে বলে মনে করেন তিনি।