চট্টগ্রাম নগরের বহদ্দারহাট মোড় এলাকায় বুধবার দুপুরে ওয়াসার পাইপলাইন ফেটে যায়। খবর পেয়ে পাইপলাইনটিতে পানি সরবরাহ বন্ধ করে দেয় ওয়াসা । এতে করে বহদ্দারহাট, চান্দগাঁও আবাসিক এলাকা, কাপাসগোলা, সিরাজউদ্দৌলা রোড এলাকার মানুষ পানিসংকটে পড়েছে। এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা আড়াইটার দিকে হঠাৎ ২৪ ইঞ্চি ব্যাসের পাইপলাইনটি ফেটে বিপুল বেগে পানি বের হতে শুরু করে। পানির তোড়ে রাস্তার এক পাশের মাটি দেবে যায় ও রাস্তায় পানি জমে যায়। খবর পেয়ে ওয়াসা পানি সরবরাহ বন্ধ করে দিয়ে বিকেল থেকে মেরামতের কাজ শুরু করে। রাস্তার এক পাশ বন্ধ করে মেরামতের কাজ শুরু করায় ওই এলাকায় যানজট দেখা দেয়।
যোগাযোগ করা হলে ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী তপন দাশ বলেন, এই পাইপলাইনটি ৩০ বছরেরও বেশি পুরোনো। গত এক বছরে লাইনটি তিনবার ফেটেছে। মেরামতের জন্য পানি সরবরাহ বন্ধ করে দিতে হয়েছে। আশা করা যাচ্ছে, বৃহস্পতিবারের মধ্যেই মেরামতকাজ শেষ হবে। চট্টগ্রাম ওয়াসা জানিয়েছে, নগরজুড়ে ওয়াসার ৬৭৩ কিলোমিটার পাইপলাইনের ৩০ শতাংশই ৪০ বছর বা তারও বেশি পুরোনো। পুরোনো হয়ে যাওয়ায় মাঝেমধ্যেই পাইপলাইন ফেটে যাওয়া বা ছিদ্র হওয়ার ঘটনা ঘটছে।
জনসাধারণের সুবিধার্থে পানি সরবরাহ বন্ধের বিষয়ে আজ বৃহস্পতিবার বিভিন্ন স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে তিনি জানান।
