তথ্য-প্রযুক্তিতে অগ্রগতির স্বীকৃতি হিসেবে ‘পাবলিক সেক্টর এক্সিলেন্স’ ক্যাটাগরিতে ‘গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেল বাংলাদেশ। বুধবার বাংলাদেশ সময় ভোরে মেক্সিকোর গুয়াদেলাহারা শহরে তথ্য-প্রযুক্তিবিষয়ক বিশ্ব সম্মেলনে (ওয়ার্ল্ড কংগ্রেস অন আইটি-ডব্লিউসিআইটি) আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার গ্রহণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
উল্লেখ্য, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী মেক্সিকোতে গেলেও এই অনুষ্ঠানে যোগ দেননি। বাংলাদেশ সরকারের পক্ষে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস অ্যালায়েন্সের (ডব্লিউআইটিএসএ) ৮০টি সদস্য রাষ্ট্রের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটি তথ্য ও প্রযুক্তি খাতে উদ্ভাবনী কাজের জন্য এ পুরস্কার দেয়া হয়। পাবলিক সেক্টর এক্সিলেন্স, প্রাইভেট সেক্টর এক্সিলেন্স, ডিজিটাল অপারচ্যুনিটি ও সাসটেইনেবল গ্রোথ ক্যাটাগরিতে দুই বছর পর পর এ পুরস্কার দেয়া হয়। পুরস্কার গ্রহণের পর তাত্ক্ষণিক এক প্রতিক্রিয়ায় জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন দেখিয়ে আমাদের একটি আধুনিক ও স্বনির্ভর জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রেরণা যুগিয়েছেন, এ পুরস্কার তার সে প্রেরণাকে আরো এগিয়ে নিয়ে যাবে। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সার্বিক নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে ডিজিটাল বাংলাদেশের গন্তব্যে আমরা প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছি।
