আজ কুমারী পূজা

আপডেট : ০২ অক্টোবর ২০১৪, ১৩:৫৩
 
গতকাল মহাসপ্তমী বিহিত থেকেই মূলত সাড়ম্বরে শুরু হলো পূজা। আর মাত্র দুইটি দিবানিশির প্রহর পেরুলেই উমার কৈলাশ গমন। ঠাকুর থাকবে কতক্ষণ-এই সুর এখন ভক্ত প্রাণে। আজ শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী। বেলা ১০টায় রাজধানীর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হবে। এক বালিকার মধ্যে শুদ্ধ নারীর রূপ চিন্তা করে সনাতনধর্মীরা তাকে ‘দেবী’ জ্ঞানে পূজা করবেন। কুমারী পূজা কেন করে? শ্রীরামকৃষ্ণের ‘কথামৃতে’ বলা আছে- ‘সব স্ত্রীলোক ভগবতীর এক-একটি রূপ। শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ।’ প্রথা ও নিরাপত্তার কারণে মেয়েটির নাম এবং পরিচয় পূজা সূচনার পূর্বে প্রকাশ করা হয় না। সব নারীতে মাতৃরূপ উপলব্ধি করাই কুমারী পূজার লক্ষ্য। আজ সকালে নির্দিষ্ট কুমারীকে      স্নান করিয়ে নতুন কাপড় পরানো হবে। ফুলের মালা চন্দন ও নানান অলংকার-প্রসাধন উপাচারে সাজানো হবে কুমারীকে।
দুর্গোত্সবের দ্বিতীয় দিন গতকাল ছিল মহাসপ্তমী। এদিন ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হয়। পূজাশেষে যথারীতি অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ ও ভোগ আরতির আয়োজন ছিল। গতকাল থেকে মন্দিরগুলোতে দেবী দর্শনের জন্য ভিড় জমে। হাজার হাজার দর্শনার্থী ঢাকেশ্বরী মন্দির, জগন্নাথ হল, শাঁখারি বাজারসহ বিভিন্ন মন্দিরে মা দুর্গাকে দর্শন ও প্রার্থনায় সমবেত হন। মুখরিত মন্দির প্রাঙ্গণ।
বিশুদ্ধ পঞ্জিকা মতে পূর্বাহ্ন ৯-৫৮র মধ্যে দুর্গাদেবীর মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমী বিহিত পূজা প্রশস্ত। রাত্রে সন্ধি পূজা আরম্ভ। আগামীকাল মহানবমী পূজা। নির্ঘণ্ট অনুযায়ী পূর্বাহ্ন ৯-৫৭র মধ্যে দুর্গাদেবীর মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্ত। পূজান্তে অঞ্জলি প্রদান ও সমবেত প্রার্থনা।