পবিত্র ও হজ সম্পর্কে বিরূপ মন্তব্য করায় ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কেবল মন্ত্রীত্ব নয়, দল থেকেও বাদ দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সিলেট আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে আলাপকালে প্রধানমন্ত্রী এমন মনোভাব ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
মিসবাহ উদ্দিন সিরাজ জানিয়েছেন প্রধানমন্ত্রী বলেছেন, ধর্মীয় অনুভূতিতে কোন সুস্থ মানুষ এ রকম আঘাত করতে পারে না। মন্ত্রিসভার এবং দলের কেউ হজ সম্পর্কে এরকম বক্তব্য দেবে-এটা কোন অবস্থায় সহ্য করা যায় না।
সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্য থেকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান (বিজি-০০৬) সকাল নয়টায় ওসমানী বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রী বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ঘণ্টাখানেক অবস্থান করে সিলেট আওয়ামী লীগের পাঁচ শীর্ষ নেতা ও মহিলা সংসদ সদস্যদের সঙ্গে কথা বলেন।
এ সময় সমাজ কল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী,মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সেক্রেটারি আসাদ উদ্দিন আহমদ, এমপি এহিয়া চৌধুরী এহিয়া, এমপি কেয়া চৌধুরী ও শাহানা রব্বানী এবং সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।
