আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আবদুল লতিফ সিদ্দিকীর নামে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আরো তিনটি মামলা হয়েছে। এতে তার বিরুদ্ধে সমন জারি করা হয়।
জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী, অ্যাডভোকেট শাহ আলম নামে এক ব্যক্তি ও তেজকুনি পাড়ার বাসিন্দা নাজিমউদ্দিন বাদল বৃহস্পতিবার ফৌজদারি দণ্ডবিধির ২৯৫ (ক) ও ২৯৮ ধারায় এই তিন মামলা দায়ের করেন।
বিচারক তাদের বক্তব্য শুনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্ব চালিয়ে আসা আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন।
এবি সিদ্দিকীর মামলায় আগামী ২৯ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির হয়ে হজ নিয়ে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে হবে লতিফ সিদ্দিকীকে।
একই অভিযোগে বুধবারও ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বরিশালে সাতটি মামলা ও অভিযোগ দায়ের হয় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে, যার মধ্যে পাঁচটিতে তাকে তলব করে আদালত।
গত রবিবার যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী হজ নিয়ে বেফাঁস মন্তব্য করে বক্তব্য দেন।
