সেপ্টেম্বরে ডিএসই থেকে রাজস্ব আদায় বেড়েছে ২৩ শতাংশ

আপডেট : ০২ অক্টোবর ২০১৪, ১৮:০৯
 
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সেপ্টেম্বর মাসে সরকার রাজস্ব পেয়েছে ২৪ কোটি ৯৪ লাখ ৩০ হাজার ২১০ টাকা। যা আগস্ট মাসের তুলনায় ৪ কোটি ৮০ লাখ ২৩ হাজার ৪৪৮ টাকা বা ২৩ শতাংশ বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগস্ট মাসে ডিএসই থেকে সরকার রাজস্ব পেয়েছিল ২০ কোটি ১৪ লাখ ৬ হাজার ৭৬২ টাকা। জানা গেছে, ১৯৮৪ সালের ৫৩ বিবিবি’র ধারা অনুযায়ী সদস্য কোম্পানি বা ব্রোকারেজ হাউজগুলোর কাছ  থেকে সেপ্টেম্বর মাসে ১৭ কোটি ৫৮ লাখ ৯ হাজার ৩৬২ টাকার রাজস্ব সংগ্রহ করে রাজকোষাগারে জমা দিয়েছে ডিএসই। আগস্ট মাসে যা ছিল ১২ কোটি ৬৫ লাখ ৮৭ হাজার ৬৫৮ টাকা।
এছাড়া ১৯৮৪ সালের ৫৩ এম ধারা অনুযায়ী উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রি বাবদ  সেপ্টেম্বর মাসে ৭ কোটি ৩৬ লাখ ২০ হাজার ৮৪৮ টাকার রাজস্ব সংগ্রহ করে রাজকোষাগারে জমা দিয়েছে ডিএসই। যা আগস্টে ছিল ৭ কোটি ৪৮ লাখ ১৯ হাজার ১০৪ টাকা।