রাজধানীতে অর্ধকোটি জাল টাকাসহ গ্রেফতার ৮

আপডেট : ০২ অক্টোবর ২০১৪, ১৮:৪০
 
রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে জাল নোট প্রস্তুতকারী সংঘবদ্ধ চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেক অর্ধকোটি জাল টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, চক্রের মূল হোতা আবুল খায়ের (৪৬), মো. আজিজুল হক (২৯), মো. সোহেল রানা (২৯), মো. শাহ আলম (২৭), মো. শহীদুল ইসলাম (২৯), মো. ইয়াছিন আরাফাত (১৯) এবং মো. সোহাগ মাসুদ (২২)।
রাজধানীর মিন্টো রোডস্থ ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের একথা জানান। 
মনিরুল ইসলাম বলেন, তাদের কাছ থেকে প্রায় অর্ধকোটি জাল বাংলাদেশি টাকা, টাকা তৈরির কাগজ, ফ্রেম, নিরাপত্তা সূতা, ল্যাপটপ ও প্রিন্টার উদ্ধার করা হয়েছে।
এই গোয়েন্দা কর্মকর্তা আরও বলেন, বুধবার সন্ধ্যায় সহকারি পুলিশ কমিশনার মাহমুদ নাসের জনি’র নেতৃত্বে উত্তর বাসাবো তিলপাপাড়া কালভার্ট রোডস্থ আব্দুর রব নামে এক ব্যক্তির মোটর সাইকেল গ্যারেজে অভিযান চালিয়ে সোহাগ ও শাহ আলমকে আটক করা হয়। সোহাগের কাছ থেকে ৯৮টি ও শাহ আলমের কাছ থেকে ৯৬টি জাল এক হাজার টাকার নোট উদ্ধার করা হয়। 
তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের কয়েক সহযোগী পালিয়ে যায়। পরে গ্রেফতারকৃতদের দেয়া তথ্যানুযায়ী বাসাবো ঝিলপাড় ৫৫/১০/৪ নম্বর হোল্ডিংয়ের একটি ফ্ল্যাটে অপর এক অভিযানে মূলহোতা আবুল খায়েরসহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।
ডিবি’র এই যুগ্ম কমিশনার বলেন, আবুল খায়ের দীর্ঘ ৬/৭ বছর  জাল টাকার ব্যবসা করে আসছে। এই চক্র বিপুল পরিমাণ জাল টাকা, ভারতীয় রুপি, ডলার ইউরোসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মুদ্রা তৈরি করে সিন্ডিকেটের মাধ্যমে রাজধানীসহ সারাদেশে সরবরাহ করছে। 
সংবাদ সম্মেলনে ডিসি ডিবি (পশ্চিম) শেখ নাজমুল আলম ও ডিসি মিডিয়া মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।