অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী এ্যানী এবং সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী এম এ জব্বারের বিরুদ্ধে পৃথক দুটি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি কমিশনের বৈঠকে এ দুটি মামলার অনুমোদন দেয়া হয়। শিগগিরই মামলা দুটি দায়ের করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দুদক সূত্র জানায়, কমিশন যে মামলার অনুমোদন দিয়েছে তাতে এ্যানীর বিরুদ্ধে সোয়া কোটি টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হচ্ছে। দুদক আইন ২০০৪-এর ২৬(২) ধারা ও ২৭(১) ধারায় মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়। অপর দিকে, সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য প্রকৌশলী এম এ জব্বারের বিরুদ্ধে দেড় কোটি টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হচ্ছে। এ ছাড়া, একই অভিযোগে জব্বারের দুই ছেলের বিরুদ্ধে পৃথক মামলার সুপারিশ করা হয়েছে।
দুদক সূত্র জানিয়েছে, হলফনামায় দেয়া সম্পদের তথ্যের সূত্র ধরে দুদক তাদের এ অভিযোগ অনুসন্ধান শুরু করে। অনুসন্ধান পর্যায়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ও আয়কর নথি, রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি, সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রার অফিস, এনবিআর, বিআরটিএ, রাজউক, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, রিহ্যাব, ব্যাংক-বিমাসহ অন্যান্য অফিসে অনুসন্ধান করে প্রয়োজনীয় নথি সংগ্রহ করা হয় এবং তা পর্যালোচনা করে দুদক জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের পরিমাণ নির্ণয় করে।
