কুড়িগ্রামে প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলা

আপডেট : ০২ অক্টোবর ২০১৪, ২০:৪১
 
 
 
ধর্মীয় অনুভুতিতে আঘাত ও উস্কানি প্রদানের অভিযোগে কুড়িগ্রামে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও ফটো সাংবাদিক মজিদ খানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম সরকারের আদালতে বঙ্গবন্ধু প্রজন্ম লীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাখাওয়াত হোসেন এই মামলা দয়ের করেন। আদালত তাদের বিরুদ্ধে সমন জারি করে দুজনকেই আগামী ৯ নভেম্বর স্ব-শরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন জানান, দন্ডবিধির ২৯৫, ২৯৫ (ক), ও ২৯৮ ধারায় বর্ণিত ধর্মীয় অনুভুতিতে আঘাত, উস্কানি প্রদানসহ বিভিন্ন অভিযোগ এনে বঙ্গবন্ধু প্রজন্ম লীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখওয়াত হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সি আর মামলা দায়ের করেন।
মামলার বাদী অ্যাডভোকেট সাখওয়াত হোসেন জানান, গত ২০০৭ সালে প্রথম আলোর ‘আলপিন’ এ মহানবীকে (সা:) নিয়ে ব্যঙ্গ কার্টুন প্রকাশ, ২০১৩ সালের ১১ মার্চ ‘রস আলোতে’ পবিত্র কোরআনের সুরা লোকমানের ২৭ আয়াতের বিকৃতি ও মহানবী সম্পর্কে কটুক্তি করা এবং চলতি বছর ৬ জানুয়ারি প্রথম আলোতে নারী ভোটারদের সিন্দুর পড়িয়ে সাজানো ছবি প্রকাশ করায় এ মামলা দায়ের করা হয়েছে।
বাদী পক্ষে মমলার শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট লুত্ফর রহমান। শুনানি শেষে বিচারক দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও প্রথম আলোর ফটো সাংবাদিক মজিদ খানকে আগামী ৯ নভেম্বর স্ব-শরীরে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।