আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, হজ সম্পর্কে মন্তব্যে আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা নেয়া হবে।
শুক্রবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
হানিফ বলেন, লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা হয়েছে এর মধ্যেই। আমরা স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাসী। বিচার বিভাগ থেকে যে সিদ্ধান্ত হবে সে অনুযায়ীই ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, লতিফ সিদ্দিকীকে মন্ত্রীপরিষদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত কার্যকর করার জন্য সরকারের কিছু নিয়মকানুন রয়েছে, সেটা সময়ের ব্যাপার। রাষ্ট্রপতি ও মন্ত্রীপরিষদ সচিব হজে গিয়েছেন। তারা ফিরলেই অব্যাহতি কার্যকর হয়ে যাবে।
