তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘লতিফ সিদ্দিকীর বক্তব্যের সাথে সরকার, দল বা জোটের কোনো সম্পর্ক নেই। ঐ বক্তব্য তার একান্ত ব্যক্তিগত এবং এর দায়ভার তার নিজের।’
হজ পালনরত তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু টেলিফোনে এক বিবৃতিতে বলেন, ‘সরকার ইসলামসহ কোনো ধর্মের বিরুদ্ধে বা কোন ধর্মপ্রাণ নাগরিকের অনুভূতিতে আঘাতকারী কোনো বক্তব্যকে কখনো সমর্থন করে না।’
হাসানুল হক ইনু বলেন, ‘লতিফ সিদ্দিকীর ধর্মবিরোধী বক্তব্যের কারণে প্রধানমন্ত্রী ইতোমধ্যেই তাকে শুধু মন্ত্রিসভা থেকেই নয়, দল ও জোটের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যেহেতু লতিফ সিদ্দিকীর বক্তব্যের বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তাই এনিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।’
হজ পালনরত এবং দেশে-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী সকলকে আনন্দের সাথে ঈদ উত্সব পালনের আহ্বান জানান।
