ঢাকার সাভারে সংসদ সদস্য ডাক্তার এনামুর রহমানের অপহৃত শ্বশুর ফজলুল হককে উদ্ধার করা হয়েছে। শুক্রবার মালয়েশিয়ান সময় সন্ধ্যার দিকে তাকে সেখান থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ঢাকা থেকে র্যাবের সহায়তায় মালয়েশিয়ান পুলিশ ফজলুল হকের গাড়ি চালক হারুনসহ ৯ জনকে গ্রেফতার করে।
বাংলাদেশের সিরাজগঞ্জের কামারখন্দ থেকে র্যাব নজরুল ও আল আমিন নামে দুইজনকে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার জন্য গ্রেফতার করা হয়।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান ইত্তেফাক অনলাইনকে জানান, গত ৩০ সেপ্টেম্বর মালয়েশিয়ায় ব্যবসায়ী ফজলুল হক অপহৃত হন। তার মুক্তিপণের জন্য জামাতা ডা. এনামুর রহমানের কাছে অপহরণকারীরা ১ কোটি টাকা দাবি করে। এ খবর পেয়ে র্যাব বিষয়টি তদন্ত শুরু করে। র্যাব মালয়েশিয়ান পুলিশের সহায়তায় তদন্ত করে দেখতে পায় গাড়ি চালক হারুনের সাথে অপহরণকারীদের মোবাইল ফোনে যোগাযোগ আছে। মালয়েশিয়ান পুলিশ হারুনকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পরই অপহরণকারীদের সাথে তারা যোগাযোগ করে। সেই তথ্যের ভিত্তিতে ছদ্মবেশে মুক্তিপণের ৭০ লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জের কামারখন্দে এই টাকা বিনিময়ের সময় নজরুল ও আল আমিনকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যমতে মালয়েশিয়া থেকে ফজলুল হককে মালয়েশিয়ান পুলিশ উদ্ধার করে। এখন ফজললুল হককে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের কাছে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।
