প্রতিস্থাপিত গর্ভাশয়ে প্রথম শিশু

আপডেট : ০৪ অক্টোবর ২০১৪, ১৩:১২
 
 
প্রতিস্থাপিত গর্ভাশয়ে প্রথম একটি সন্তান জন্ম দিেেয়ছে সুইডেনের একজন নারী।  চিকিৎসাবিজ্ঞানে এই ঘটনা এটাই প্রথম বলে জানিয়েছেন চিকিৎসকরা। শনিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
৩৬ বছর বয়সী মা জরায়ু ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন। এরপর ৬১ বছর বয়সী তার একজন বান্ধবী তাকে গর্ভাশয় দান করেন। গর্ভধারণের প্রায় ৩২ সপ্তাহ পরে ঐ সুইডিশ নারী ছেলে সন্তানের জন্ম দেন।
ব্রিটিশ মেডিক্যাল জার্নাল ‘দ্য ল্যানসেট’ বলেছে, ছেলে শিশুটি এক কেজি ৮০০ গ্রাম ওজন নিয়ে জন্মগ্রহণ করেছে। মা ও শিশু দুইজনই সুস্থ আছে।
নবজাতকের বাবা তার প্রতিক্রিয়া জানাতে বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, কয়েক বছর আমরা কঠিন সময় পার করেছি। কিন্তু এখন আমরা সবচেয়ে অসাধারণ সন্তান পেয়েছি। অন্য যেকোনো শিশুদের সঙ্গে তার কোনো পার্থক্য নেই। কিন্তু বলার মতো তার একটি চমৎকার গল্প আছে। 
তবে ঐ দম্পতির পরিচয় প্রকাশ করা হয়নি।
গর্ভাশয় প্রতিস্থাপন দলের নেতৃত্ব দেয়া, মাটস ব্রানস্ট্রোম বলেন, আমি ও আমাদের পুরো দলের জন্য এটা অবিশ্বাস্য আনন্দের খবর। সত্যিই আমরা ভাবতেই পারিনি যে এমন মুহূর্তে উপনীত হব।
তিনি বলেন, প্রাণীর ওপর ১০ বছরেরও বেশি সময় ধরে ব্যাপক গবেষণা  ও সার্জিকাল প্রশিক্ষণের পর এই সাফল্য এসেছে। এর মধ্য দিয়ে জরায়ু-সংক্রান্ত বন্ধ্যাত্বে ভোগা নারীদের চিকিৎসার সম্ভাবনা উন্মোচিত হয়েছে।