সৌদির সঙ্গে মিল রেখে বিভিন্ন স্থানে ঈদ

আপডেট : ০৪ অক্টোবর ২০১৪, ১৭:৫৬


সৌদি আরবের সঙ্গে মিল রেখে শনিবার দেশের বেশ কয়েকটি স্থানে উদযাপিত হচ্ছে ঈদ-উল-আজহা। মুন্সিগঞ্জ, চাঁদপুর, দিনাজপুরসহ বেশ কয়েকটি জেলায় এই ঈদ উদযাপিত হচ্ছে। ইত্তেফাকের জেলা প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
লক্ষ্মীপুর: সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছরের ন্যায় এবারো লক্ষ্মীপুরের তিন উপজেলায় নয়টি গ্রামে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুর, বিঘা, দক্ষিণ পাড়া, ও রায়পুর উপজেলার কলাকোপা, সদর উপজেলার বশিকপুর, পূর্ব পাঁচ পাড়া, ও মহাদেবপুরসহ নয়টি গ্রামে ঈদুল আযহা উদযাপিত হচ্ছে।  
এসব গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি পৃথক পৃথক ভাবে স্ব স্ব ঈদগাহ মাঠে বিভিন্ন সময়ে ঈদের নামাজ আদায় করেন।
রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও বাজারের তালিমুল নুরানী মাদ্রাসা মাঠে  ঈদের জামায়াত আজ শনিবার সকাল নয়টায় অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন মাওলানা নেছার আহমদ।
মাওলানা ইসহাকের (রঃ) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার সাথে মিল রেখে ঈদসহ ধর্মীয় উৎসব পালন করে আসছে।
নোয়াখালী: জেলার কয়েকটি গ্রামে দুই শতাধিক পরিবার পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন করছেন। সকালে ১০টা ও ১১টার মধ্যে যথারিতি ঈদের নামজ শেষে কোরবানি দিচ্ছেন তারা। বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউপির বসন্ত বাগ, ও জিরতলি ইউপির ফাজিলপুর গ্রামে এ ঈদ উৎসব চলছে।
মুন্সীগঞ্জ: জেলার সাত গ্রামে ঈদ উদযাপন হচ্ছে। গ্রামগুলো হচ্ছে- সদর উপজেলার আনন্দপুর, শিলই, নায়েবকান্দি, আধারা, মিজিকান্দি, কালিরচর ও বাঘাইকান্দির একাংশ। গ্রামগুলোর প্রায় পাঁচ হাজার মানুষ ঈদ আনন্দে মেতে উঠেছে। সকালে গ্রামগুলোতে পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
চাঁদপুর: জেলার অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে কোরবানির ঈদ। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, মনিহার, ভোলাচোঁ, জাক্নি, সোনাচোঁ, প্রতাপপুর ও বাসারা, ফরিদগঞ্জ উপজেলার উভারামপুর, উটতলি, মুন্সিরহাঁট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, সুরঙ্গচর, বালুথুবা, কাইতাপাড়া, নূরপুর, সাচনমেঘ, ষোলা, হাঁসা ও গোবিন্দপুর, মতলবের দশানী, মোহনপুর, পাঁচানী এবং শাহরাস্তি এবং কচুয়ার কয়েকটি গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে।
ইমাম আরিফ চৌধুরী জানান, ১৯২৮ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পীর আল্লামা ইসহাক এ এলাকায় ধর্মীয় অনুষ্ঠান পালন শুরু করেন।
চট্টগ্রাম: দক্ষিণ চট্টগ্রামের প্রায় ৩০টি গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে। দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে দীর্ঘদিন ধরেই একদিন আগে ঈদ পালন করে আসছেন।
দিনাজপুর: জেলার চার উপজেলায় বৃহস্পতিবার ঈদ উদযাপিত হচ্ছে।
নারায়ণগঞ্জ: ফতুল্লার লামাপাড়ায় ঈদের নামাজ হয়। হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিম খানা ও হেফজ খানা মাদ্রাসায় 'জাহাগিরিয়া তরিকার' অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে এদিন ঈদ করছেন।

যশোর অফিস: যশোর ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনু্ষ্ঠিত হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাঠে নামাজ আদায় করা না গেলে ঈদগাহ সংলগ্ন সড়কে, সেখানেও সম্ভব না হলে যার যার মতো মসজিদে মুসল্লীরা ঈদের নামাজ আদায় করবেন। যশোর কালেক্টরেট মসজিদ, দড়াটানা মাদ্রাসা মসজিদ, চৌরাস্তা জামে মসজিদ, পুলিশ লাইন মসজিদসহ শহরের শতাধিক মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে প্রধান মসজিদগুলোর ঈদের জামাতের সময় শনিবার বিকেল পর্যন্ত নির্ধারন হয়নি। নিউ টাউন এলাকার প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এখানকার অপর দুটি বড় জামাত হবে মারকাজ মসজিদে সকাল ৮টায় এবং শহীদ সরনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল সাড়ে ৮টায়।  
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা: লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় বিভিন্ন গ্রামের শতাধিক পরিবারে শনিবার পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে এসব পরিবারের সদস্যরা ৩৫ বছর ধরে সকল ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন।
সকাল দশ টায় কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব বিঘা গ্রামে মাওঃ মনির হোসেন, নোয়াগাঁও ইউনিয়নের দক্ষিনপাড়া তালিমূল কোরআন নূরানী মাদ্রাসা মাঠে মাওঃ নেছার আহম্মেদ খান ও সোনপূর খানকায় মাওঃ রুহুল অমিনের নেতৃত্বে ঈদের জামায়ত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ আদায় করার পর পশু কোরবানী করা হয়।
নোয়গাও ঈদগাও কমিটির সভাপতি নেছার আহম্মেদ ও বিঘা ঈদগাও কমিটির সভাপতি হারুন রশিদ জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে সকলেরই উচিত্ আজ পবিত্র ঈদুল আজহা পালন করা।