যানজট ও রাস্তাঘাট নিয়ে সন্তুষ্ট তবে খুশি নই: ওবায়দুল

আপডেট : ০৪ অক্টোবর ২০১৪, ১৮:৩৮
 
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পবিত্র ঈদুল আযহা ও দুর্গাপূজা এক সঙ্গে হওয়ায় আমাদের আইনশৃংখলা বাহিনীর সদস্যদের একটা অংশ চলে গেছেন পূজায়, একটি অংশ ও কোরবানির পশুর হাটে আরেকটি অংশ রয়েছেন রাস্তায়। তার পরেও যে সমস্যা হওয়ার কথা ছিল সে রকম হয়নি। এ চ্যালেঞ্জ মোটামুাট অতিক্রম করেছি। বেশির ভাগ জায়গায় মানুষ স্বস্থি পেয়েছে। শুধু চন্দ্রাতে দুর্ভোগটা হয়েছে। সে জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত ও ক্ষমা প্রার্থী।  যানজট ও রাস্তাঘাট নিয়ে সার্বিক ভাবে আমি মোটামুটি সন্তুষ্ট। পুরোপুরি খুশি হতে পারিনি। এবার তিনটি বিষয় যুক্ত হয়ে খুবই চ্যালেঞ্জিং ছিল। 
তিনি শনিবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঈদ ও পূজা উপলক্ষে মহাসড়কে যানজট ও রাস্তঘাটের অবস্থা পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন। 
মন্ত্রী বলেন, সার্বিক পরিস্থিতি ভাল। বাসে যাত্রীদের তেমন চাপ নেই আর রাস্তায় যানবাহনেরও সংখ্যাও কম। ঈদ ও পূজা উপলক্ষে যারা বাড়িতে যাবে তাদের মধ্যে বেশির ভাগ মানুষই চলে গেছে। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম, জয়দেবপুর-ময়মনসিংহ, সিলেট, যশোর, খুলনা, ফরিদপুর আজকে কোথাও কোন ঝামেলা হয়নি। 
এসময় মন্ত্রীর সঙ্গে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ফোর লেন প্রকল্পের কর্মকর্তা, গাজীপুরের পুলিশ সুপার মোঃ হারুন অর রশীদ, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী মহিবুল হকসহ  সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।