অফ-স্পিনার রবীচন্দ্রন অশ্বিনকে বিশ্রামে রেখে তার জায়গায় নতুন মুখ হিসেবে তরুণ স্পিনার কুলদিপ যাদবকে দলে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজের প্রথম তিন ওয়ানডের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এছাড়াও দলে ফিরেছেন ডান-হাতি লেগ স্পিনার অমিত মিশ্র।
প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার অভিজ্ঞতাটা মোটেও মজবুত নয় ১৯ বছর বয়সী কুলদিপের। মাত্র আটটি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। মূলত স্পিন বোলার হিসেবে পরিচিত কুলদিপ শিকার করেছেন মাত্র ১৪ উইকেট। তবে চলতি চ্যাম্পিয়ন্স লিগে কুলদিপের বোলিং বৈচিত্র্য মন জয় করে নিয়েছে ভারতীয় নির্বাচকদের। কোলকাতা নাইট রাইডার্সের হয়ে চার ম্যাচে অংশ নিয়ে ঝুলিতে ভরেছেন আটটি উইকেট। সেই সুবাদে অল্প বয়সেই ভারতীয় দলে ডাক পেলেন বাঁ-হাতি এই চায়নাম্যান।
কুলদিপকে সুযোগ দিয়ে অভিজ্ঞ স্পিনার অশ্বিনকে বিশ্রাম দিয়েছে বিসিসিআই। তবে আবারো দলে সুযোগ দেয়া হয়েছে মিশ্রকে। ইনজুরির কারণে সর্বশেষ ইংল্যান্ড সফরে খেলতে পারেননি তিনি। ইংল্যান্ড সিরিজে দলে থাকা স্টুয়ার্ট বিনি, ধাওয়াল কুলকার্নি, সনজু স্যামসন ও করন শর্মার সুযোগ হয়নি আসন্ন সিরিজে। আর ইনজুরি আক্রান্ত রোহিত শর্মার জায়গায় ওপেনার হিসেবে ওয়ানডে দলে রাখা হয়েছে মুরালি বিজয়কে। আগামী ৮ অক্টোবর পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্বাগতিক ভারত।
ভারত স্কোয়াড : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), শিখর ধাওয়ান, আজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, আম্বাতি রাইদু, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, অমিত মিশ্র, ভুবেনশ্বর কুমার, মোহাম্মদ সামি, মোহিত শর্মা, উমেশ যাদব, মুরালি বিজয় ও কুলদিপ যাদব।
খবর বাসসের।
