রাজধানীর রূপনগরে ইস্টার্ন হাউজিং পশুর হাটে পৃথক ঘটনায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন ১৫ গরু ব্যবসায়ী। এরা হলেন- আবু তাহের (৩৫), একরামুল হক (২৪), শফিউল আলম (৪০), আব্দুর রহমান (৪৫), কার্তিক চন্দ্র (৪৫), ইয়াসিন (৩৫), সিদ্দিক (৬০), শহিদুল ইসলাম (৩০), আব্দুর রহমান (৩৫), রাকিব (২০), মিজানুর রহমান (২৫), জিন্নাত আলী (৩৫), ওসমান গনি (৪০), পলাশ (২৫) ও আব্দুস সোবাহান (৪০)। শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, দুর্বৃত্তরা তাদের কাছ থেকে আড়াই লাখ টাকা নিয়ে গেছে।
গরু ব্যবসায়ী আবু তাহের বলেন, তিনিসহ একরাম, শফিউল, রহমান, কার্তিক ও ইয়াসিন নওগাঁ থেকে ঢাকার মিরপুরে ইস্টান হাউজিং গরুর হাটে আসেন। শুক্রবার রাতে তারা খিচুরি খান। এরপর তারা অজ্ঞান হয়ে যান। অজ্ঞান পার্টির সদস্যরা খিচুরির সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে দিয়েছিলেন। তারা গরু ব্যবসায়ীদের কাছ থেকে আড়াই লাখ টাকা নিয়ে গেছে।
অপরদিকে, একই হাটে নাটোর থেকে আসেন সিদ্দিক, শহিদুল, রহমান, রাকিব, মিজানুর, আলী, ওসমান, পলাশ ও সোবাহান। তাদেরকেও অজ্ঞান পার্টির সদস্যরা খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেয়। ঐ খাবার খাওয়ার পর তারা অচেতন হয়ে যায়। তবে তাদের কাছ কোনো টাকা নিতে পারেনি দুর্বৃত্তরা।
রূপনগর থানার এসআই আজিজুল হক বলেন, এ ঘটনায় গরু ব্যবসায়ী আবু তাহের রূপনগর থানায় একটি মামলা করেছেন। ঐ মামলায় এজাহারনামীয় তিনজনসহ অজ্ঞাত আরো দুই জনকে আসামি করা হয়েছে। ঐ মামলায় ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ২১ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়েছে। এসআই আরো জানান, মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শুক্রবার রাতে খিচুড়ি খাওয়ার পর তারা অচেতন হয়ে পড়েন। পরে তাদের ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অজ্ঞানপার্টির সদস্যরা খিচুরির সঙ্গে কৌশলে কিছু মিশিয়ে দেয়ায় সকলে অসুস্থ হয়ে পড়েন। এ বিষয়ে গ্রেফতারবকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
