বেতন-বোনাস ছাড়াই তোবা শ্রমিকদের ঈদ

আপডেট : ০৪ অক্টোবর ২০১৪, ২০:৫৩
 
 
এবারও ঈদের বোনাস ও বেতন পেলো না তোবা গ্রুপের শ্রমিকরা। কয়েক দিন থেকে দুই ঈদের বোনাস ও আগস্ট-সেপ্টেম্বরের বেতনের দাবিতে আন্দোলন করে আসছে তোবা গ্রুপের। শনিবার বেতন-বোনাসের দাবিতে বিজিএমইএ‘র সহ-সভাপতি শহীদুল্লাহ আজিমের বাসার সামনে আন্দোলন করেছে শ্রমিকরা। সেখানে তারা সকাল সাড়ে এগারটা থেকে ১টা পর্যন্ত অবস্থান করেন। এ সময় কয়েকশ’ শ্রমিক শহীদুল্লাহ আজিমের বাসার সামনে অবস্থান নেন।
শহীদুল্লাহ আজিম জানান, সকালে আমার বাসার সামনে কয়েকশ শ্রমিককে আন্দোলন করতে দেখি। যাদের নেতৃত্বে ছিল শ্রমিক নেত্রী মোশারেফা মিশু। তাদের বলে দিয়েছি যে, বর্তমান সভাপতি দেশে অবস্থান করায় আমি আর ভারপ্রাপ্ত সভাপতি নেই। সুতরাং আমার করার কিছু নেই। পরে তারা ১টার দিকে চলে যায় বলে জানান আজিম।
শ্রমিক নেত্রী মোশারেফা মিশু জানান, আমরা আজিম সাহেবের বাসায় অবস্থা করেছি। কিন্তু তারা ঈদের আগে বেতন-বোনাস দিতে পারবে না তা জানিয়ে দিয়েছে। তিনি বলেন, পরে আমরা সেখান থেকে বিজিএমইএ’র সামনে চলে আসি। মিশু জানান, তোবার শ্রমিকের পাওনার বিষয়ে কিছু করার নেই বলে জানিয়েছেন বিজিএমইএ’র সভাপতি। কিন্তু আমাদের আন্দোলন এখোনেই শেষ নয়। ঈদের পর আবার আন্দোলন শুরু হবে বলে তিনি হুমকি দেন।

উল্লেখ্য, বকেয়া বেতনের দাবিতে তোবা গ্রুপের ৫টি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে গত রোজার ঈদের আগে থেকেই আন্দোলন করে আসছিল। একাধিক তারিখ দিয়েও তাদের পাওনা পরিশোধ করা হয়নি। ফলে বাধ্য হয়েই রোজার ঈদের আগে বাড্ডায় কারখানা ভবনে অনশনে বসে শ্রমিকরা। টানা ১১ দিন অনশনস্থলে অবস্থান নেয় তারা। পরবর্তীতে নানা ঘটনার পর দুই দফায় তিন মাসের (মে থেকে জুলাই) বেতন দেয়া হয়। এর পরই কারখানার মালিক দেলোয়ার হোসেন অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দেন। কিন্তু কলকারখানা অধিদফতর কারখানা বন্ধ করার এ প্রক্রিয়া অবৈধ বলে আখ্যা দেয়। এর ভিত্তিতে আগস্ট ও সেপ্টম্বরের বেতন ও দুই ঈদের বোনাসের দাবীতে শ্রমিকরা আন্দোলন করে আসছে।