ঢাকার পথে গ্রামের ‘মাংস শ্রমিক’

আপডেট : ০৫ অক্টোবর ২০১৪, ১৬:২১
 
 
ঈদুল আজহাকে কেন্দ্র করে অনেকেই যখন রাজধানী ছাড়ছেন তখন কিছু মানুষ পশু কোরবানির কাজে শ্রমিক হিসাবে কাজ করতে ঢাকার দিকে আসছেন। বাড়ি বাড়ি গিয়ে ফেরি করছেন তাদের একদিনের শ্রমঘণ্টা। কেউ পেয়ে যাচ্ছেন কাঙ্ক্ষিত ঠিকানা। কেউ ঈদের দিন পর্যন্ত কাজ পাওয়ার আশায় রয়েছেন। কেউ এসেছেন পরিচিত জনদের আশ্বাসে গরু জবাইয়ে অংশ নিতে। যারা আগে থেকেই ঢাকায় অন্য কাজে শ্রম দেন তাদেরও কেউ কেউ ঈদের একদিন পশু জবাইয়ে কাজ পাওয়ার আশায় ঢাকা থেকে গেছেন।
ঈদের দিনের শ্রমের ফেরিওয়ালা এমন একজনের সঙ্গে কথা হলো। গতকাল শনিবার গাইবান্ধা থেকে ঢাকায় এসেছেন মাহমুদুল হাসান। সাথে আরও তিন জন। সবাই গাইবান্ধায় ‘মাংস শ্রমিক’ হিসেবে কাজ করেন। ঢাকায় আসার উদ্দেশ্য- ঈদের দিনে গরু কোরবানির কাজে অংশ নিয়ে বাড়তি অর্থ উপার্জন করা।
মাহমুদুল হাসান বলেন, একদিনে আমরা চারজন অন্তত ১০টি গরু জবাই করতে পারবো। প্রতি গরুতে আট থেকে নয় হাজার টাকা করে পাওয়া যায়। বেশিও পাওয়া যায়। তাই বিভিন্ন খরচ বাদ দিলেও ভালো অঙ্কের অর্থ একদিনে উপার্জন করা সম্ভব। এজন্যই ঈদের দিনে আত্মীয়-স্বজন রেখে ঢাকায় আসা।
আত্মীয়-স্বজন রেখে ঈদের দিন ঢাকায় কাটানোর প্রসঙ্গ তুলতেই তিনি বলেন, গাইবান্ধায় থাকলেও এদিন গরু কাটাকাটিতেই ব্যস্ত থাকতে হয়। পরিবার পরিজনদের সাথে থাকার সুযোগ হয় না। টাকার জন্য গরু কাটাকাটিতেই যখন অংশ নিব তাহলে ঢাকায় এসে বেশি অর্থ উপার্জন করাই ভালো।
গ্রামাঞ্চলে মাংস শ্রমিক দিয়ে গরু কাটার প্রবণতা খুব কম। কিছু ক্ষেত্রে তা হলেও বেশি অর্থ দেয়া হয় না। কিন্তু ঢাকায় মাংস শ্রমিক দিয়ে গরু কাটার প্রবণতা বেশি। তাই শ্রমিকের চাহিদাও বেশি। এক্ষেত্রে টাকাও দেয়া হয় ভালো। তাই ঈদুল আজহায় গ্রাম থেকে অনেক মাংস শ্রমিক ঢাকায় চলে আসেন। তাছাড়া যারা ঢাকায় অন্যান্য ক্ষেত্রে শ্রমিক হিসেবে কাজ করেন তারাও কেউ কেউ থেকে যান বাড়তি উপার্জনের জন্য। মাংস কাটায় পারদর্শী না হলেও তারা গরু কাটার কাজ নেন। এতে একদিনে ভালো টাকা উপার্জন করা সম্ভব। এমনই একজন মো. সাগর। তিনি ঢাকায় একটি কারখানায় কাজ করেন। গ্রামের বাড়ি পঞ্চগড়।
তিনি বলেন, সব সময় গরু কাটাকাটি না করলেও এ সম্পর্কে ধারণা রয়েছে। তাই গরু কাটাকাটির কাজ করতে পারি। তিনি আরও বলেন, তিনদিনের ছুটিতে গ্রামে যেতে আসতেই অনেক সময় চলে যায়। তাছাড়া ঈদের দিন গরু কাটাকাটি করলে একদিনে অনেক টাকা পাই। এজন্য এ ঈদে বাড়িতে যাই না। ঈদে ঢাকায় থেকে গরু কাটাকাটির কাজ নিয়ে নেই। কিছুদিন পরে বাড়ি যাই।