বিএনপি নেতৃত্বশূন্য: এরশাদ

আপডেট : ০৬ অক্টোবর ২০১৪, ০৭:৫৪

রোববার নীলফামারীর জলঢাকা উপজেলায় স্থানীয় জাতীয় পার্টির এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। প্রধান অতিথির বক্তব্যে এরশাদ বলেন, “বিএনপি নেতৃত্বশূন্য হয়ে পড়েছে। আওয়ামী লীগের একজন মন্ত্রী ইসলামবিরোধী বক্তব্য দিল। অথচ বিএনপি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে পারল না।… লতিফ সিদ্দিকী একজন মুরদাত, তার ফাঁসি দিতে হবে।” আগামী নির্বাচন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যেই হবে মন্তব্য করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

গত বা এ সরকারে থাকা জাতীয় পার্টির মন্ত্রীরা কোনো দুর্নীতি  করেননি মন্তব্য করে দলের চেয়ারম্যান বলেন,  “সাবেক বাণিজ্য মন্ত্রী জিএম কাদেরের (এরশাদের ছোট ভাই) বাজার খরচের টাকা এখন আমাকে দিতে হয়। অথচ ইচ্ছে করলে সে টাকার পাহাড় বানাতে পারত।” ২০১৯ সালে অনুষ্ঠেয় আগামী নির্বাচনের জন্য নীলফামারী-০৩ (জলঢাকা-কিশোরগঞ্জ অংশিক) আসনে জিএম কাদেরকে পরিচয় করে দিয়ে তাকে সহযোগিতা করতে স্থানীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান পার্টি প্রধান।
এরশাদ বলেন, নানা সংকটের মধ্যে ‘ফেলে’ জাতীয় পার্টির ‘অস্তিত্ব বিলীন করার’ চেষ্টা হলেও তাতে কেউ সফল হতে পারেনি। “নির্বাচন হয়েছে, জাতীয় পার্টি প্রধান বিরোধী দল। সে হিসাবে আমাদের গুরুত্ব রয়েছে। আমরা এখন দাঁড়াতে চাই। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”

সভায় বক্তব্য রাখেন জলঢাকা পৌরসভার মেয়র ও উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক ইলিয়াস হোসেন বাবলুর সভাপতিত্বে অন্যদের মধ্যে জিএম কাদের ও জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ও বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী, জেলা জাতীয় পার্টির আহবায়ক মাহবুব আলী বুলু, যুগ্ম আহবায়ক সাজ্জাদ পারভেজ ও জলঢাকা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুল কাদের বুলু চৌধুরী।