‘হুমকি দিয়ে ফায়দা লুটতে পারবে না বিএনপি’

আপডেট : ০৬ অক্টোবর ২০১৪, ১৪:৪১
 
 
 
জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিএনপি আন্দোলনের হুমকি দিয়ে ফায়দা লুটতে পারবে না। মানুষ জানে তারা কোনো ইস্যুতেই আন্দোলন করতে পারেনি। শক্তি না থাকলে কি আন্দোলন করা যায়? বিএনপির সেই শক্তি আজ নেই। তাই তারা শুধু মানুষকে ভয়ভীতি দেখানো জন্য আন্দোলনের হুমকি দেয়।
সোমবার সকালে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাতে নামাজ আদায় শেষে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, বিএনপি এখন আর বৃহত্ দল নয়। তাই সরকারের সঙ্গে সংলাপ না হলে বিএনপি কিছুই করতে পারবে না।
সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনময়কালে এরশাদের ছোট ভাই সাবেক বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, জেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটির আহ্বায়ক ও সাবেক এমপি মোফাজ্জল হোসেন মাস্টার, সদস্য সচিব ও সাবেক এমপি এইচ এম শাহরিয়ার আসিফ, মহানগনের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াসিরসহ জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নামাজ শেষে ঈদগাহ মাঠ থেকে মুন্সিপাড়া কবরস্থানে যান এরশাদ। সেখানে তার মা-বাবা-ভাইসহ পরিবার পরিজনের কবর জিয়ারত করেন।