বীর মুক্তিযোদ্ধা ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা সিরাজগঞ্জ-৩ আসনের তিনবার নির্বাচিত সংসদ সদস্য ইসহাক হোসেন তালুকদার সোমবার সন্ধ্যায় শ্বাসতন্ত্রের রোগে ভুগে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর। ইসহাক হোসেন মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।
সোমবার রাতে প্রধানমন্ত্রীর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, “আলহাজ্ব ইসহাক হোসেন তালুকদারের মৃত্যুতে জাতি একজন নিঃস্বার্থ, দেশপ্রেমিক রাজনৈতিক কর্মীকে হারালো। আওয়ামী পরিবার হারালো দীর্ঘদিনের বিশ্বস্ত সদস্যকে। সিরাজগঞ্জবাসী তার অবদান আজীবন স্মরণ করবে।”
