বাসের ধাক্কায় অটোরিকশাযাত্রী নিহত

আপডেট : ০৬ অক্টোবর ২০১৪, ২৩:৫৯

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে ঈদের দিন একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়েছে। আরো তিনজন আহত হয়েছে। হতাহতরা সবাই সানরাইজ প্রপার্টিজ লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী। এদের মধ্যে নিহত আনোয়ারা বেগম ওই প্রতিষ্ঠানের পরিচ্ছনতাকর্মী।  আহতরা হলেন- রবিউল (২৫), হেলাল উদ্দিন (৪৭) ও আটোরিকশা চালক জসিম উদ্দিন (৪০। এদের মধ্যে রবিউলের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ছাড়াও কোমড় থেকে নিচ পর্যন্ত পুড়ে গেছে।

শিল্পাঞ্চল থানার এসআই ইসমাইল হোসেন সাংবাদিকদের বলেন, বলাকার একটি যাত্রীবাহী বাস বিজয় স্মরণী- তেজগাঁও শিল্পাঞ্চল লিংক রোড (ওভারব্রীজ) হয়ে সাত রাস্তার দিকে বাঁক নেওয়ার সময় মহাখালী থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় এবং অটোরিকশাকে ছেঁচড়ে নিয়ে লাভ রোডে ঢুকে পড়ে।  সুপার সিএনজি স্টেশনের সামনে গিয়ে আটকে যায় এবং অটোরিকশায় আগুন ধরে যায়। স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে এবং অটোরিকশার আহত যাত্রীদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা আনোয়ারাকে মৃত ঘোষণা করেন। বাকি সবাইকে ঢাকা মেডিকেল হাসাপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।